আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ তিন নেতার বহিষ্কার দাবি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৪১

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোঃ মঈনউদ্দিন মঈন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও তার লোকজনের ষড়যন্ত্রের কারণেই মহাজোট প্রার্থী পরাজিত হয়েছে। এইজন্য বিদ্রোহী প্রার্থী মঈনসহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কারের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পূর্ববাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজি সফিউল্লাহ মিয়া। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজি সফিউল্লাহ মিয়া বলেন, সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চিঠি পেয়ে আমরা মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক মৃধার পক্ষে প্রচারণায় মাঠে  নেমেছি। কিন্তু মহাজোটের মনোনয়ন-বঞ্চিত হয়ে মঈন দলীয় সভানেত্রীর নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রচারণা শুরু করে। এই বিদ্রোহী প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের এক যুগ্ম আহবায়কসহ কিছুসংখ্যক দলীয় নেতা-কর্মী প্রচারণায় যোগ দেয়। ফলে মহাজোটের প্রার্থীর পক্ষের ভোটাররা আরো বিভ্রান্তিতে পড়ে।

এসময় সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হানিফ মুন্সি, যুগ্ম আহবায়ক হাজী খুরশেদ আলম, প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, মোঃ নাসির মিয়া ও বিল্লাল হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।