আড়াইহাজারে সিনেমা স্টাইলে ডাকাতি, ৯ গরু লুট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি এগ্রো ফার্মে সিনেমা স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দুই ট্রাক নিয়ে এসে এগ্রো ফার্মে ঢুকে নৈশ প্রহরীদের বেঁধে রেখে হাতুড়ি পেটা করে বেছে বেছে ৯টি বড়ো ষাঁড় গরু লুট করে নিয়ে গেছে। ডাকাতরা এসময় হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই নৈশ প্রহরী রফিক ও রিফাতকে মারাত্মক জখম করে।

শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের আজাদ খান সোহাগ ও হাসান আল মামুনের মালিকানাধীন আজাদ এগ্রো ফার্মে এ ডাকাতি সংঘটিত হয়। মালিক পক্ষের দাবি, ৯টি গরুর দাম প্রায়  ১৫ লাখ টাকা।   

নৈশ প্রহরীরা জানায়, ১০/১৫ জনের একদল ডাকাত রাত ২টার দিকে  ট্রাক নিয়ে এসে আমাদের বেঁধে হাতুড়ি দিয়ে পেটায়। পরে তারা ফার্মের  ৪০টি গরুর মধ্যে বড় ৯টি ষাঁড় ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।   

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধারে কাজ শুরু হয়েছে। ডাকাতদেরও দ্রুত গ্রেফতার করা হবে। 

ইত্তেফাক/এসি