মাগুরার শতবর্ষের প্রাচীন বড়রিয়া মেলা শুরু

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

মাগুরা প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্ মাগুরার মহম্মদপুরের বড়রিয়া গ্রামের শতবর্ষের প্রাচীন মেলা শুক্রবার থেকে  শুরু  হয়েছে। মেলা চলবে তিনদিন। এ বছর ১১১তম বার্ষিকী মেলা।  গ্রামবাসীর উদ্যোগে প্রতিবছর এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলার অন্যতম আকর্ষণ জামাই আপ্যায়ন করা হয়। 

জানা গেছে, জেলার মহম্মদপুর উপজেলার  বড়রিয়ার গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত মেলায় বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটছে। মেলায়  নানা ধরনের পিঠা, মাছ, মাটির সামগ্রী, শোপিস, কসমেটিক, বাঁশ ও বেতের সামগ্রী, বিভিন্ন  ধরনের মিষ্টি, খেলনাসহ বিভিন্ন পণ্য উঠেছে বিক্রির জন্য। মেলা উপলক্ষে জামাইরা আসেন শ্বশুরবাড়িতে। বড়রিয়া ও আশেপাশের ২০টি গ্রামের জামাই মেয়েরা শ্বশুরবাড়িতে আসেন মেলা উপলক্ষে। শ্বশুররা নানা উপকরণ দিয়ে জামাইদের আপ্যায়ন করেন। রবিবার রাতে এ মেলা শেষ হবে।