প্রযুক্তি এবং জ্ঞান স্থানান্তরের মাধ্যমে চীনসহ বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। বাংলাদেশ হতে পারে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। অভ্যন্তরীণ ভোক্তা পর্যায়ে বিশাল বাজারসহ উত্পাদনের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে সহজে প্রবেশ করার সুযোগ রয়েছে। সেই সঙ্গে বিনা শুল্কে ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়াতে বাণিজ্য সুবিধাসহ আরো অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন বিনিয়োগকারীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে এ কথা বলেন।
দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার লক্ষ্যে সিচুয়ান চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিচুয়ান সিসিপিআইটি) শুক্রবার এ অঞ্চলের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি ‘চায়না (সিচুয়ান)-সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া বিজনেস লিডার্স অনলাইন কনফারেন্স ওপেনিং সেরেমনি অ্যান্ড ২০২০ অনলাইন প্রডাক্টস এক্সিবিশন ফর সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া কান্ট্রিজ’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করেন। এতে তিনি উল্লেখ করেন, বর্তমান কোভিড-১৯ প্রাদুর্ভাব শুধু অর্থনীতি নয়, মানুষের আর্থসামাজিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এ প্রভাব কাটিয়ে উঠতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এফবিসিসিআই অংশীজনদের পরামর্শ গ্রহণের মাধ্যমে বিস্তৃত পরিসরে আগামী তিন বছরের জন্য রোডম্যাপ প্রণয়ন করেছে। করোনার মধ্যেও গত অর্থবছর জিডিপিতে ৫ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে, রেমিট্যান্স ও বৈদেশিক রিজার্ভ বেড়েছে। বাণিজ্য ক্ষেত্রে পুনরুদ্ধারও বেশ শক্তিশালী।
তিনি বলেন, অধিকাংশ বহুজাতিক কোম্পানিগুলোর জন্য শীর্ষ পাঁচটি পছন্দের গন্তব্যের মধ্যে বাংলাদেশ অন্যতম এবং আইপি সুরক্ষাসহ আমাদের আরওআই প্রযুক্তি স্থানান্তরের জন্য বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। প্রযুক্তি এবং জ্ঞান স্থানান্তরের মাধ্যমে চীনসহ বিদেশি বিনিয়োগকারীরা অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে। এফবিসিসিআই সভাপতি সিসিপিআইটি সিচুয়ান কাউন্সিলের সঙ্গে জ্ঞান ও রিসোর্স আদান-প্রদানের বিষয়ে তার প্রত্যাশা ব্যক্ত করেন। ন্যাশনাল সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ডাইজেশন (চেংডু) রিসার্স সেন্টারের সিনিয়র স্ট্র্যাটেজিক কনসালটেন্ট ঝ্যাং শাওগাং, সার্ক সিসিআইয়ের সভাপতি ইফতেখার আলী মালিক, আসিয়ানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশনের ডিরেক্টর গুও চুয়ানওয়ে এবং সিসিপিআইটি সিচুয়ান কাউন্সিলের সভাপতি হুয়াং লি এতে বক্তব্য রাখেন।
