সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৭

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এই করোনাকালেও সীমিত পরিসরে তার জন্মদিন ঢাকা ও কুড়িগ্রামে নানা আয়োজনে স্মরণ করা হবে। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, চলচ্চিত্র, গান, অনুবাদসহ সাহিত্যে-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী’ লেখক বলা হয়ে থাকে। তার লেখকজীবন প্রায় ৬২ বছরব্যাপী বিস্তৃত। বাংলা সাহিত্যের এই লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। সৈয়দ শামসুল হকের জন্মভূমি কুড়িগ্রামে তার চতুর্থ প্রয়াণবার্ষিকী স্মরণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে কবির সমাধিতে জেলা প্রশাসন, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, দোয়া মাহফিল। এছাড়া জেলা কালেক্টরেট কার্যালয়ের স্বপ্নকুড়ি মিলনায়তনে রয়েছে শিশু-কিশোর প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।