গাজীপুর মহানগরের গাছা রোডের ফকির মার্কেট এলাকা থেকে এক পরিবহন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ছয়তলা বিশিষ্ট একটি ভবনের চারতলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. ইমরান উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়াপাছর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। জানা গেছে, গত দুদিন ধরে ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। সাড়া-শব্দ না থাকায় অন্য ভাড়াটেরা বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তারা পুলিশে খবর দেয়। গাছা থানার এসআই মো. কবির উদ্দিন জানান, নিহতের স্ত্রীকে না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
