করোনাকালে পাঁচ মাস বন্ধ ছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু কোর্ট খোলার পর গত আড়াই মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করেছে ৪ হাজার মামলা। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনার সংক্রমণ থেকে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে সুরক্ষা দিতে চালু করা হয় ভার্চুয়াল বিচার পদ্ধতি। ঐ পদ্ধতির আওতায় হাইকোর্টের পাশাপাশি আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হয়। এতে আইনজীবীরা কোর্টে না এসেও যে কোনো স্থান থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করছেন। সুপ্রিম কোর্টের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি ও আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় করোনা মহামারির মধ্যেই ভার্চুয়াল মাধ্যমে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করেছেন। গত ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভার্চুয়াল আপিল বেঞ্চ ৪ হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করেছে। গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০।
