সাভারে নীলা হত্যা

আসামি মিজান রিমান্ডে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৮

স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছেন সাভারের সর্বস্তরের মানুষ। সাভার নাগরিক কমিটির আয়োজনে গতকাল শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে মুখে মাস্ক পরে শতশত মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় দল-মত-নির্বিশেষে সবাই নীলা রায়ের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে শুক্রবার রাতে এই হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান মিজানকে গ্রেফতারের পর গতকাল শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, গত ২০ তারিখ সন্ধ্যায় দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায় বাসায় ফেরার পথে ঘাতক মিজানুর রহমান ঐ ছাত্রীকে জোরপূর্বক তাদের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা নারায়ণ রায় সাভার মডেল থানায় একটি মামলা করলে আমরা প্রধান আসামি মিজানুরসহ তিন আসামিকে গ্রেফতার করি। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য মিজানকে সাত দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের           ভিত্তিতে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না :ত্রাণ প্রতিমন্ত্রী

ঘাতকদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে স্থানীয় এমপি ও ত্রাণ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, নীলা হত্যার ঘটনাটি সরকারের জন্যও বিব্রতকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।  হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এসময় তিনি ব্যাংক কলোনি এলাকার একটি কিশোর গ্যাং লিডারের পিতা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুকে দ্রুত দল থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য প্রমুখ।