মুসলিমবিদ্বেষকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে ভারত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:২২

জাতিসংঘে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। একই সঙ্গে তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার বাতিলে নয়াদিল্লির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ভারতে ইসলামবিদ্বেষ বিরাজ করছে এবং এতে করে প্রায় ২০ কোটি মুসলমানের জীবন হুমকির মুখে পড়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমাকে দুঃখের সঙ্গে বলতে                হচ্ছে বিশ্বের এখন একটি দেশ ভারত ইসলামবিদ্বেষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর পেছনে কারণ হলো দুর্ভাগ্যজনকভাবে ভারত এখন আরএসএস-এর আদর্শ দ্বারা শাসিত হচ্ছে।

তিনি আরো বলেন, তারা মনে করে ভারত শুধু হিন্দুদের এবং অন্য ধর্মের মানুষ তাদের সমমর্যাদার নাগরিক নন। গত বছর আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার বাতিলে নরেন্দ্র মোদির সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ইমরান খান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে জম্মু-কাশ্মীর বিরোধের মীমাংসা না হলে দক্ষিণ এশিয়ায় কোনো দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না।