অ্যামিকেই সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে মনোনয়ন দিচ্ছেন ট্রাম্প

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৩

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকেই মনোনয়ন দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরে এ পদে বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করছিল। গতকাল বিবিসি জানায়, ট্রাম্প তার প্রার্থী চূড়ান্ত করে ফেলেছেন। ৪৮ বছর বয়সি অ্যামির নিয়োগ নিশ্চিত হলে উচ্চ আদালতে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা সুদৃঢ় হবে। রক্ষণশীলরা ৬-৩ ব্যবধানে শক্তিশালী অবস্থানে থাকবে। সম্প্রতি মারা যাওয়া বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন তিনি। ব্যারেটকে প্রকৃতপক্ষে মনোনয়ন দেওয়া হবে কিনা, সে ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, আমি নিশ্চিত করে কিছু বলিনি। দেখা যাক কী হয়। আমি ‘নিজ মনে’ এরই মধ্যে একটি সিদ্ধান্ত নিয়ে                 ফেলেছি। এটা স্বীকার করতে হবে যে ব্যারেট হচ্ছেন ‘অসাধারণ’ এক বিচারক। মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়, আশা করা হচ্ছে শিগিগরই এ পদে মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক হতে যাচ্ছেন অ্যামি। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানফকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামির নিয়োগ চূড়ান্ত হতে সিনেটে তুমুল বিতর্ক হতে পারে। কারণ ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ডেমোক্র্যাটরা তার নিয়োগ আটকে দেওয়ার চেষ্টা করবে বলে মনে করছেন অনেকে।