ইত্তেফাক রিপোর্ট
শীতের আগমনীতে নতুন চালে তৈরি করা হয় আটা। আর এই আটা দিয়ে নানান ধরনের পিঠা তৈরি শুরু হয়। পিঠার মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। লোকজীবনে এমনই পিঠা তৈরিকে কেন্দ্র করে নগরজীবনে রূপ পায় পিঠা উত্সবে। গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পিঠা উত্সব অনুষ্ঠিত হয়। পিঠা উত্সবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল প্রমুখ। পিঠা উত্সবে ভাপা পিঠা, পুলি পিঠা, ফুল ঝুড়ি পিঠা, পাটি সাপটা পিঠা, চিতই পিঠা, পোয়া পিঠাসহ দশ রকমের পিঠা স্থান পায়।
