হয়তো কয়েকমাস পরও জানা যাবে না জয়ী কে :ট্রাম্প

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কে বিজয়ী হয়েছেন সেটা কয়েক মাস পরও নাও জানতে পারে মার্কিনিরা। তার দাবি, ‘বিরোধপূর্ণ’ ডাকযোগে ভোটের কারণেই এই সমস্যা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, করোনা মহামারির কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ভোটারদের অর্ধেকই ডাকযোগে ভোট দিতে পারেন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের দিনের পর ডাকযোগে আসা ব্যালট গুনতে কর্মকর্তাদের সময় প্রয়োজন হবে। এ কারণে কে বিজয়ী হয়েছেন, সেটা জানতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।

শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক জনসমাবেশে ট্রাম্প বলেন, এখানে বিশৃঙ্খলা চলছে। কে বিজয়ী হয়েছেন সেটা জানার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। ডাকযোগে আসা ব্যালটের জন্য অপেক্ষা না করে আমি দ্রুত সময়ের মধ্যে জানার চেষ্টা করব জিতেছি না হেরেছি। তিনি বলেন, কে বিজয়ী হয়েছেন সেটা নির্বাচনের রাতেই জানার সম্ভাবনা খুবই কম। দেখা গেল আমি এগিয়ে রয়েছি আর তখন তাদের কাছে শুধু ব্যালট আসছে আর আসছে।

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের একটি আদালত ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং নর্থ ক্যারোলিনার কর্মকর্তাদের নির্বাচনের দিন পর্যন্ত আসা ডাকযোগে ব্যালট গণনার জন্য কর্মকর্তাদের অনুমতি দিয়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট ভোটাররা করোনার কারণে ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন।

‘অনায়াসে হারলে পরাজয়

মেনে নেবেন ট্রাম্প’

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কি না সেই প্রতিশ্রুতি দিতে রাজি নন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প এ কথা বলার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনে অনায়াসে পরাজিত হলেই কেবল ফল মেনে নেবেন তার বাবা।