হকি লিগ আটকে আছে তিন ক্লাবের টেবিলে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

স্পোটস রিপোর্টার

করোনা মহামারির মধ্যেও দুনিয়ার খেলাধুলা প্রতিদিনই বাড়ছে। বাংলাদেশেও খেলাধুলার দুয়ার খুলছে। হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চেষ্টা করছেন যেন অলস বসে থাকা হকি খেলোয়াড়রা আবার মাঠে নামতে পারে।

ঘরোয়া খেলাটা শুরু করতে এক পা এগুলো দুই পা পেছাতে হচ্ছে। হকি লিগটা আটকে আছে তিন ক্লাবের টেবিলে। মোহামেডান, মেরিনার ইয়াংস এবং ঊষা ক্রীড়া চক্র, এই তিন ক্লাবের সমস্যা দূর হলেই লিগ মাঠে গড়াবে। তবে ফেডারেশন সভাপতি খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলেন তিনি লিগ আয়োজন করবেন। কেউ না আসলেও করবেন। ফেডারেশন সভাপতি চাইছেন সব ক্লাবকে নিয়েই লিগ হোক। সবাই মাঠে আসুক। কিন্তু তিন ক্লাবের সমস্যা দূর না হলে লিগ আয়োজনের পথের জট খুলছে না। যতদূর জানা গেছে, তিন ক্লাব যেসব আবদার করেছিল তা যতটা সম্ভব মিটিয়ে হলেও জটিলতা দূর করার পক্ষে ফেডারেশন কর্মকর্তারা।

তিন ক্লাব কি চায়? ২০১৮ সালে প্রিমিয়ার লিগে জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই লিগে মোহামেডান এবং মেরিনারের কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে স্বস্তি পেয়েছিলেন। যা এখনো বহাল রয়েছে। সঙ্গে আর্থিক জরিমানাও হয়েছিল। এই দুই ক্লাব দাবি করছে শাস্তি প্রত্যাহার করতে হবে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন মোহামেডান এবং মেরিনার তাদের ওপর আরোপিত শাস্তি প্রত্যাহার করার অনুরোধ করেছে।’ তিনি বলেন,‘ কারো পাঁচ বছর কারো তিন বছরের শাস্তি ছিল।’

এই শাস্তি দিয়েছিল আগের মেয়াদের কমিটি। ইউসুফ বলেন, ‘প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে মোহামেডান এবং মেরিনার প্রতিনিধি পাঠায়নি। বাকি ক্লাবগুলো পাঠিয়েছে।’ ঊষার ব্যাপারটা হচ্ছে উষা লিগ খেলেনি। নিয়ম অনুযায়ী অবনমন হয়ে যায়। কিন্তু ঊষা প্রিমিয়ার লিগ খেলতে আবেদন করেছিল ২০১৯ সালে। সেই আবেদনের বর্তমান অবস্থান কি তা জানতে চায় ঊষা। ইউসুফ বলেন, ‘এই তিন ক্লাবের বিষয়টি নিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে মিটিং। সেখানেই সিদ্ধান্ত হবে।’

তিন ক্লাবের সমস্যা কাটিয়ে লিগ মাঠে গড়ানো কঠিন। কারণ প্রিমিয়ার লিগ হতে রেলিগেশন হয়েছিল ওয়ান্ডারার্সের। প্রথম বিভাগ হতেও প্রিমিয়ারে উঠার লাইনে দাঁড়িয়ে ক্লাব। এসব ভাবনায় সমস্যা দূর করা কঠিন হলেও অসম্ভব না। তারপরও সবার সহযোগিতায় ঘরোয়া মৌসুম আয়োজনের একটা মসৃন পথ বের করতে চান ফেডারেশন সভাপতি মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনি চাইছেন সবার সহযোগিতায় খেলার স্বার্থে মাঠে ফিরুক খেলা।