রাজৈরে বিকাশ এজেন্টসহ দুই জনকে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে বিকাশ এজেন্টসহ দুই জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে সাধুর ব্রিজ-কুনিয়া গ্রামীণ সড়কের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, একই গ্রামের মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী। আহত ব্যক্তিরা জানান, সাধুরব্রিজ এলাকার দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটরসাইকেলযোগে চালক কবিরকে নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এলে ৮/১০ জন দুর্বৃত্ত বেড়াজাল দিয়ে মোটরসাইকেলটি আটকে ধরে। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে দুই জনকে কুপিয়ে নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দুই জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাজৈর থানার অফিসার ওসি শেখ সাদি জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।