সরকারিভাবে সড়কটির নামকরণ না হলেও এলাকাবাসী সড়কটিকে ‘কার্তিক সড়ক’ বলে থাকেন। ২০০৭ সালে নির্মিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পারচৌকার দক্ষিণ মাথা থেকে তারাপুর ঠুটাপাড়া পর্যন্ত সাড়ে সাত কিলোকিলোমিটার সড়ক বৃক্ষপ্রেমি কার্তিক পরামানিকের সম্মানে নির্মাণ করা হয়। সড়কটি মেরামতের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানে স্থানে খানাখন্দে ভরা। বিভিন্ন সময় ছোটখাটো মেরামত হলেও বেশিদিন ভালো থাকেনি। দীর্ঘদিন ধরেই সড়কটির করুণ হাল। মনাকষা ইউনিয়নের এই রাস্তা সীমান্তবর্তী হওয়ায় প্রতিদিন ভারতীয় হাজার হাজার গরু-মহিষ ট্রাক বোঝাই হয়ে যায়। ট্রাকের মতো ভারী যান চলাচলের কারণে রাস্তাটির এই দুর্দশা। বর্ষাকালে এ সড়কে হাঁটাচলা ভীষণ কষ্টকর। একহাঁটু কাদামাটি মাড়িয়ে কৃষকেরা ফসল পরিবহনে চরম দুর্ভোগ পোহান। ডাকনি পাড়া থেকে কার্তিক পরামানিকের বাড়ি যেতে প্রায় ১ কিলোমিটার রাস্তার পিচ ও খোয়া উঠে গেছে অনেকদিন আগে। রাস্তা যে পাকা ছিল তা বোঝা মুশকিল। পরিশেষে, যাতায়াতের দুর্ভোগ ঘোচাতে রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সিফাতুল্লাহ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
