বিশেষ প্রতিনিধি
অবসরপ্রাপ্ত সচিব ও বেসরকারি বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. হানিফ মিয়া (৪৮) নামে এক প্রতারক গ্রেফতার হয়েছেন। গুলশান থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে শুক্রবার খাগড়াছড়ির দিঘীনালা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহূত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, গ্রেফতারকৃত হানিফ একজন পেশাদার প্রতারক। তিনি অত্যন্ত কৌশলে বাংলাদেশের স্বনামধন্য বড় বড় গ্রুপ অব কোম্পানির কর্মকর্তা-কর্মচারী না হয়েও কখনো চেয়ারম্যান, কখনো চেয়ারম্যানের মেয়ের জামাতা, কখনো ডিরেক্টর, কখনো এমডি, আবার কখনো বা অবসরপ্রাপ্ত সচিব পরিচয় দিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিং ও নগদে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
১৬ সেপ্টেম্বর গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে প্রতারণার ঘটনায় গুলশান থানায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় আরো একাধিক মামলা রয়েছে।
