নরসিংদী প্রতিনিধি
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন, দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ২০২১ সালের মধ্যে আমাদের দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলছে। গতকাল রবিবার নরসিংদীর বাঁধনহারা থিয়েটার স্কুলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০৪১ সালে আমাদের দেশ হবে উন্নত দেশ। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। স্বাধীনতার ১০০ বছর ২০৭১ সালে আমরা হব বিশ্বসেরা দেশ। অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, সাবেক সভাপতি নিবারণ রায়সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে গত ২৫ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার নরসিংদীতে আসেন।
