বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বরগুনায় নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। এতে নৌকার ঐতিহ্য এবং ইতিহাস সংরক্ষণ করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের রাস্তার উত্তরপ্রান্তে এবং আইনজীবী সমিতির কার্যালয়ের পূর্বপ্রান্তে পুরাতন পাবলিক লাইব্রেরির দশমিক ৭ একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই জাদুঘর।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী অক্টোবর মাসে জাদুঘরের অবকাঠামো নির্মাণকাজ শুরু করে ১৬ ডিসেম্বরের মধ্য শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু, নৌকা আর মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চিন্তা থেকে বরগুনায় দেশের প্রথম ও একমাত্র নৌকার জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এর উদ্যোক্তা শিল্পীমনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
তিনি বলেন, বঙ্গবন্ধু, নৌকা আর মুক্তিযুদ্ধ একই চেতনার সূত্রে গাঁথা। আগামী প্রজন্ম বাঙালির হাজার বছরের ঐতিহ্য নৌকার ইতিহাস জানার পাশাপাশি যুক্তফ্রন্ট থেকে শুরু করে মুক্তিযুদ্ধে নৌকা প্রতীক নিয়ে বিজয়ের ইতিহাস জানতে পারবে এই জাদুঘর থেকে। একই সঙ্গে উপকূলীয় পর্যটন সম্ভাবনাময় অঞ্চল বরগুনায় পর্যটকদের বঙ্গবন্ধু নৌকা জাদুঘর আকর্ষণ করবে। এই জাদুঘরে দেশ-বিদেশের হারিয়ে যাওয়া ১০০ ঐতিহ্যবাহী নৌকা, নৌকার ছবি এবং নৌকার ইতিহাস সংরক্ষণ করা হবে। নৌকা জাদুঘর নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগসহ প্রগতিশীল নাগরিকরা।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার টুকু বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে নৌকা জড়িয়ে আছে। এই প্রতীক আমাদের ইতিহাস, মুক্তির প্রতীক। তিনি বলেন, বঙ্গবন্ধু ও নৌকা আমাদের অনুভূতির সঙ্গে যেমন জড়িয়ে আছে, তেমনি নদী বেষ্টিত উপকূলীয় জেলার মানুষের জীবন-জীবিকার সঙ্গেও জড়িত। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই জাদুঘর নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
