আশুলিয়ায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০৩

সাভারের আশুলিয়ায় অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানা যুবলীগ সদস্য আবুল হোসেন আপনকে (২৬) তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। আপন কন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। অন্যরা হলেন পবনারটেক এলাকার আদিল (২২), শ্রীপুর এলাকার কামরুল ইসলাম (২১) ও জিরানী বাজার এলাকার রুবেল ইসলাম (২১)। এদিকে আপনকে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সোমবার লালমনিরহাটের কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে সবুজ মিয়া (১৭) ও একই এলাকার জাহিদুল ইসলাম (১৬) অভিমান করে বাড়ি থেকে আশুলিয়ার মোজারমিল এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে। সাভার ইপিজেড বাসস্ট্যান্ডে রাত ১টার দিকে বাস থেকে নেমে বোনের বাসা খুঁজে না পেয়ে মোজারমিল বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। এ সময় তাদের অপহরণ করে একটি চক্র। পরে তাদের আত্মীয়দের মোবাইলে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে তাদের মারধর করে অপহরণকারীরা। এতে সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম অচেতন হয়ে পড়ে। দুর্বৃত্তরা সবুজ ও জাহিদুলকে মৃত ভেবে  ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সবুজকে মৃত অবস্থায় উদ্ধার ও  জাহিদুলকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে  ২৪ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বলেন, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।