স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চারটি অফিস দল নিয়ে চট্টগ্রামে আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম খেলায় সিটি করপোরেশনের বিরুদ্ধে মাঠে নামবে এফএমসি গ্রুপ আর দ্বিতীয় খেলায় ইস্পাহানি গ্রুপের মোকাবিলা করবে সায়ারা এগ্রোফার্ম। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টা ও দুপুর ১টায়। সর্বাধিক পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে। চট্টগ্রাম প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণকারীরাই কেবল এতে অংশ নিতে পারবেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এই টুর্নামেন্ট। গতকাল শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর এসব তথ্য উপস্থাপন করেন।
