জানুয়ারিতে যুব বিশ্বকাপ হকির বাছাইয়ের (অনূর্ধ্ব-২১) আসর বসার কথা রয়েছে ঢাকায়। এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশকে এই বাছাই টুর্নামেন্ট আয়োজনের অনুমতিও দিয়ে রেখেছে। ১০ দেশ নিয়ে খেলা হবে। কিন্তু এখন দুনিয়া জুড়ে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে সেটা নিয়েই টেনশনে হকি ফেডারেশন। প্রচার মাধ্যমে এসেছে করোনার দ্বিতীয় ঢেউ আসছে। অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। নভেম্বরে বাংলাদেশেও করোনার প্রকোপ বাড়তে পারে। এমনও শোনা যাচ্ছে শীতে আক্রান্তের হারও বেড়ে যাবে। এমন যদি হয় তাহলে জানুয়ারিতে কীভাবে বিশ্বকাপ হকি বাছাইয়ের খেলা হবে, তা নিয়ে দুর্ভাবনা হকিতে। তবে আশাবাদী মানুষ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। যদিও একদিকে তার কণ্ঠে একটু হতাশা আর অন্যদিকে হাল ছাড়তে রাজী না এই কর্মকর্তা। করোনা প্রকোপের ভয় আছে সাধারণ সম্পাদকের। বিদেশি দলগুলো খেলতে আসবে। আগামী বছর ২১-৩০ জানুয়ারি খেলা হবে। তখন করোনার পরিস্থিতি কেমন থাকবে সেটা নিয়ে একটু হলেও চিন্তা রয়েছে হকিতে। তারপরও নিজেরা প্রস্তুতি নিয়ে রাখছেন বলে জানালেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ইউসুফ বললেন, ‘আমরা আমাদের কাজ এগিয়ে নেবো। আমাদের সভাপতি খুবই পজিটিভ মানুষ। উনি সব সময় ভালো কিছু করার স্বপ্ন দেখেন। আমরাও সেই পথেই আছি। করোনার ভয়ে সংকুচিত হয়ে থাকার পক্ষেও নই। সভাপতির নেতৃত্বে জানুয়ারিতে জুনিয়র এশিয়া কাপের বাছাই এবং মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি হবে তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
করোনা নিয়ে যতই আশঙ্কা থাকুক অনূর্ধ্ব-২১ হকি দলের খেলোয়াড়রা ১৫ অক্টোবর অনুশীলন নামছে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি জানিয়েছেন অনুশীলনে নামার আগে করোনা টেস্ট করা হবে। সব খেলোয়াড়কে আগামী ১০ অক্টোবর ডাকা হয়েছে। ১১ ও ১২ অক্টোবর কোভিট-১৯ টেস্ট করিয়ে পরদিন রিপোর্ট পাওয়া যাবে। ১৫ অক্টোবর কোচ মামুনুর রশিদের কাছে অনুশীলন শুরু করবেন খেলোয়াড়রা। বাছাইয়ের এই টুর্নামেন্ট হতে ওমান নাম প্রত্যাহার করে নিয়েছে এবং কাজাকিস্তান সেখানে খেলবে জানিয়েছেন হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ।
