১১ দিন সরবরাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার এলএনজি সরবরাহ শুরু হচ্ছে। সমুদ্রের তলদেশে স্থাপিত পাইপ লাইনের মাঝখানে হাইড্রোলিক ভাল্বে সৃষ্ট ত্রুটির কারণে গত ৩ নভেম্বর চট্টগ্রামে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামসহ পুরো দেশ গ্যাস সংকটের কবলে পড়ে। বিশেষ করে চট্টগ্রামে গ্যাস নির্ভর বিদ্যুত্ কেন্দ্র ও সিইউএফএল সার কারখানায় উত্পাদন বন্ধ হয়ে যায়। মহেষখালীর এই টার্মিনাল থেকে দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো।
সূত্র জানায়, বিদেশ থেকে আনা ডুবুরির মাধ্যমে পাইপ লাইনের মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। এতে প্রায় ১০/১১ দিন সময় লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু করা হবে বলে সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা জানিয়েছেন। সূত্র জানায়, আগামী ২১ নভেম্বর ১ লাখ ৪০ হাজার ঘনমিটার এলএনজি নিয়ে পরবর্তী জাহাজ মহেষখালীতে নোঙর করবে। গত এপ্রিলের শেষ সপ্তাহে ১ লাখ ৩৩ হাজার ঘনমিটার এলএনজিবাহী প্রথম জাহাজটি মহেষখালীতে নোঙর করে। চট্টগ্রামে দৈনিক ৩৭০/৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এলএনজি সরবরাহ বন্ধ হওয়ার পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে আসে। এতে চট্টগ্রামে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা গ্যাস সংকটের কবলে পড়েন।
