শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যসংকটে ফেরি চলাচল আবার বন্ধ হয়ে গেছে। লঞ্চ চলাচল বন্ধ ছিল সাড়ে তিন ঘণ্টা। সীমিত আকারে চালুর ১২ দিনের মাথায় দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিসটি গত রবিবার দুপুরে বন্ধ হয়ে যায়। গত সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্পিডবোট ঘাটে দেখা গেছে গাদাগাদি ভিড়। ড্রেজিংয়ের পরও মাসাধিককাল ধরে কেন এই নাব্যসংকট, প্রশ্ন ঘাট ব্যবহারকারীদের। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, নাব্য ফেরাতে পদ্মা সেতু চ্যানেলের মুখে সোমবার সকালে একটি ড্রেজার স্থাপন করা হয়েছে। পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরো বলেন, মাসখানেকের মধ্যে নতুন একটি বিকল্প চ্যানেল চালু করা হবে। রবিবার রাতে শিমুুলিয়া থেকে কাঁঠালবাড়ী যাওয়ার পথে কাওণীপাড়া চরের কাছে ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে এমভি শ্রেষ্ঠ-২ এর তলা ফেটে যায়। পাশের চরে ভিড়িয়ে দেওয়ার পর ভাগ্যক্রমে ২০০ যাত্রীর প্রাণ রক্ষা পান। তবে অর্ধনিমজ্জিত লঞ্চটি উদ্ধারে চেষ্টা চলছে। চলতি মাসের ২৮ দিনের ১৪ দিনই ফেরি বন্ধ ছিল। বাকি ১৪ দিন চলেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
