দেশবাসীর জন্য ভালো কিছু করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পূর্বে দেশ ও জনগণের জন্য ভালো কিছু করে যাওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ তাকে ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানালে শেখ হাসিনা তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এই প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাবা-মা সব হারিয়ে রিক্ত, নিঃস্ব হয়ে এই দেশে কাজ করা, এটা খুবই কঠিন। কিন্তু তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি—যে দেশটাকে এবং দেশের মানুষকে আমার বাবা এত ভালোবেসেছেন তাদের জন্য আমাকে কিছু করে যেতে হবে। তার (জাতির পিতা) স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে সেটা যেন পূর্ণ করতে পারি।’ শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে সেটাই জাতির পিতা চেয়েছিলেন, ছোটবেলা থেকেই তার এই আকাঙ্ক্ষাটা আমরা জানি, শুনেছি। সে কারণেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি—এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে ঐটুকুই আমার প্রচেষ্টা আর কিছু না। প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ, সবার সহযোগিতাতেই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি।’ তিনি বলেন, হয়তো এই করোনা ভাইরাসটা না আসলে আমরা আরো অনেক কাজ করতে পারতাম। তারপরেও যত বাধা বিঘ্নই আসুক সেটা অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। সেজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শেখ হাসিনা তার ৭৪তম জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘সবার কাছে দোয়া চাই যতদিন বেঁচে আছি যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারি। আর আমার কাজ দ্বারা বাংলাদেশের মানুষের যেন উপকার হয় এবং মানুষ যেন ভালো থাকে সেই কাজটুকু যেন করতে পারি।’ প্রধানমন্ত্রী এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, ‘তার জ্ঞান, প্রজ্ঞা ও মেধা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার মৃত্যু আমাদের তথা রাষ্ট্রের জন্য এক বিরাট ক্ষতি।’

মাহবুবে আলমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় এবং ধীরস্থিরভাবে সবকিছু বিবেচনা করতেন। অনেক জটিল মামলার তিনি ভালোভাবে সমাধান করেছিলেন। গত কয়েকটা বছরে অনেক চড়াই-উতরাই পার হয়ে আমরা এই জায়গাটায় এসেছি। এ সময় বিভিন্ন ঘাত-প্রতিঘাত যথাযথভাবে মোকাবিলা করেই তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।’

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে জানতে চান সাংবাদিকরা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, কোনো রকম কোনো আনুষ্ঠানিকতা না করার জন্য। যারা মন্ত্রিপরিষদের সদস্য, উনার জন্য দোয়া কামনা করেছেন, উনার সফলতা কামনা করেছেন।’ তিনি আরো বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) পারসনালি এটা উদ্যাপন করতে চান নাই।’

প্রবাসী শ্রমিকদের বিষয়ে প্রতিবেদন মন্ত্রিসভায় জমা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার এবং তাদের জন্য নতুন কাজের বাজার সন্ধানের ব্যবস্থা সম্পর্কিত একটি সম্পূর্ণ প্রতিবেদন পরবর্তী সময়ে মন্ত্রিসভার বৈঠকে জমা দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। গতকাল সকালে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের সভাপতিত্বকালে এই নির্দেশনা প্রদান করেন। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের সদস্যরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশে কর্মসংস্থান ও যারা বিদেশে গেছেন তাদের কীভাবে আরো ভালোভাবে কাজের সুযোগ করে দেওয়া যায় বা কীভাবে আরো দেশে কাজের ক্ষেত্র তৈরি করা যায় সে বিষয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।