টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

গত প্রায় দুই মাস ধরে অনিশ্চয়তা, দোলাচল ছিল এই সফরকে ঘিরে। রোজই অপেক্ষা ছিল সফর সম্পর্কে কিছু জানার। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান ঘটল। আপাতত স্থগিত হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর।

গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এক সংক্ষিপ্ত সভাশেষে এই খবর নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, শ্রীলঙ্কার দেওয়া নতুন গাইডলাইন মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সফর করা সম্ভব নয়।’ পরে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়, ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) সঙ্গে আলাপ-আলোচনা করেই এই সফর স্থগিত করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রায় সব শর্তই শ্রীলঙ্কা মেনে নিয়েছিল। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা। আর এই কোয়ারেন্টাইন চলা অবস্থায় ক্রিকেটাররা হোটেল রুম থেকে বের হতে পারবেন না। ১৪ দিন এভাবে বন্দি থাকার পর খেলা সম্ভব না বলেই বিসিবি মনে করছে।

বিসিবি বলেছে, তারা শ্রীলঙ্কাকে বলেছে সফরটা নতুন করে সূচি করার জন্য। করোনা মহামারির পরিস্থিতি ভালো হয়ে গেলে এই সফরটা করতে চায় বাংলাদেশ। সফর স্থগিত করার পাশাপাশি বিসিবি সভাপতি জানিয়েছেন, তারা এখন দ্রুত ঘরোয়া ক্রিকেট শুরু করতে যাচ্ছে। কয়েকটি লিগ ও টুর্নামেন্টের পরিকল্পনা করছেন তারা। স্বাস্থ্যবিধি মেনে এসব খেলা আয়োজন করবে বিসিবি।

শ্রীলঙ্কায় নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা লঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। এই লিগে সাকিব আল হাসানসহ কয়েক জন ক্রিকেটারের নিলামে নাম ওঠার কথা ছিল। কিন্তু বিসিবি সভাপতি বলেছেন, ঐ সময় ঘরোয়া ক্রিকেট চলবে বিধায় কাউকে এই খেলার জন্য অনুমতি দেওয়া হবে না।

মূল সূচি অনুযায়ী, গত জুলাই মাসে বাংলাদেশের সফরে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কা। কিন্তু করোনা মহামারির কারণে সে সফর তখন স্থগিত হয়ে যায়। এরপর শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি ভালো থাকায় দুই বোর্ড অক্টোবরে এই সিরিজ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রথমে কথা ছিল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ দল নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া হাই পারফরম্যান্স টিমের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনুশীলনে আপত্তি করে। এ ছাড়া সঙ্গে হাই পারফরম্যান্স টিম নিতেও আপত্তি করে তারা।

এই আপত্তির পরই বিসিবি বলে দেয়, শর্ত না বদলালে সফর করবে না তারা। এরপর শ্রীলঙ্কা বোর্ড দফায় দফায় তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও কোভিড টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করে। কিন্তু এসব শর্ত শিথিল হয়নি। ফলে স্থগিতই হলো সফরটা।