কেরানীগঞ্জে র্যাবের এক সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোর্সের নাম মো. আলমগীর হোসেন । গতকাল সকালে কালিন্দী ইউনিয়নের ভাগনা মাদ্রাসা গলি থেকে নিহতের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । জানা যায়, নিহত আলমগীর একজন অটোরিকশা চালক। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ রাস্তায় ফেলে পালিয়ে যায়। তার বাবার নাম মোস্তফা ব্যাপারী। বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার সফিপুর গ্রামে। সে শুভাঢ্যা উত্তর পাড়ার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের ব্যবস্থা করা হবে।
