চাকরির নামে নারীদের ভারতে পাচার, গ্রেফতার ৫

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১৫

চাকরির নামে ভারতে নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত এই পাঁচ জন হলেন, মো. শাহীন, মো. রফিকুল ইসলাম, বিপ্লব ঘোষ, আক্তারুল ও মো. বাবলু। যশোরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডি জানিয়েছে, আসামিরা নারীদের ভারত ও মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভনে নিয়ে যেত। এরপর অসামাজিক ও অনৈতিক কাজের জন্য জোর করে ভারতে দালাল চক্রের কাছে বিক্রি করত। এর আগেও এই পাচার চক্রের আর চার জনকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার এসব তথ্য জানান। তিনি আরো জানান, শাহীন ঢাকা থেকে ওই নারীদের চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে নিয়ে যেত। সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়ার পর তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। এ পর্যন্ত অন্তত ২০ নারীকে ভারতে পাচারের কথা জানিয়েছে চক্রটি।