ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে গত রবিবারের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতাদের বেশ কিছু বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। ছাত্রলীগের বক্তব্যের মাধ্যমে ধর্ষণ ও নারী নিপীড়নকে বৈধতা দেওয়া হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বক্তৃতায় ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ‘স্বাধীনতাবিরোধী ছাড়া অন্য কোনো নারী যদি নির্যাতনের শিকার হয়...তা প্রতিহত করব’ এমন একটা বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি, এই বক্তব্য ছাত্রলীগ কর্মীদের হাতে ক্রমাগত ঘটে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা মাত্র। স্বাধীনতার ৪৯ বছর পর নির্যাতনের শিকার নারীর মধ্যে ‘স্বাধীনতাবিরোধী’ খোঁজার মাধ্যমে সঞ্জিত তার সংগঠনের নারী নিপীড়কদের বাঁচানোর অপপ্রয়াস করছেন।
