২০তম গ্র্যান্ড স্ল্যামের মিশনটা সরাসরি সেটে জয় দিয়ে শুরু করেছেন রাফায়েল নাদাল। এদিকে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডের পেছনে ছোটা সেরেনা উইলিয়ামস ফরাসি ওপেনে নিজের যাত্রাটা কিছুটা ধীরগতির হলেও জয় দিয়েই শুরু করেছেন।
ফরাসি ওপেনের অবিসংবাদিত সেরা হলেও টুর্নামেন্ট শুরুর আগেই নাদাল বলেছিলেন, সহজ হবে না এবারের আসর। স্বাভাবিক সময়ে মে মাসের তীব্র গরমে খেলা হলেও এবার চার মাস পিছিয়ে সে টুর্নামেন্টটি, ফলে শীতের কবলে পড়ার সম্ভাবনা আছে টুর্নামেন্টের কোর্টগুলোর। নাদালের বিশ্বাস, এর ছাপ পড়তে পারে খেলাতেও।
নিজের প্রথম ম্যাচে অবশ্য এর প্রভাব নাদালের খেলায় পড়তে পারেনি আদৌ। বেলারুশের এগর গেরাসিমোভকে হারিয়েছেন ৬-৪, ৬-৪, ৬-২ গেমে। এরপর সাবেক বিশ্বসেরা টেনিস তারকার প্রতিক্রিয়া, ‘সত্যি বলতে আমি বেশ খুশি। যা করতে চেয়েছিলাম, পেরেছি। এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারতাম না।’
এদিকে সেরেনার জয়টা নাদালের মতো অনায়াসে আসেনি। ক্রিস্টি অ্যানের বিপক্ষে প্রথম সেটে তাকে যেতে হয়েছিল টাইব্রেকার পর্যন্ত। তবে সে চ্যালেঞ্জ সামলে ৭-৬, ৬-০ গেমে জিতেছেন তিনি। পা রেখেছেন দ্বিতীয় রাউন্ডে।
