সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ার বলেছেন, সৌরভ গাঙ্গুলি তাকে অধিনায়কত্ব শিখিয়েছেন। এ নিয়ে সমালোচকরা বলছেন, বিসিসিআই সভাপতি থাকা অবস্থায় সৌরভ এটা করতে পারেন কি না। সৌরভ বলছেন, তিনি একজন সাবেক খেলোয়াড় হিসেবে অবশ্যই এটা করতে পারেন। আর শ্রেয়াস বলেছেন, এই শেখানোর ব্যাপারটা ঘটেছে সৌরভ বোর্ড সভাপতি হওয়ার আগে। শেখানো প্রসঙ্গে সমালোচনার জবাব দিতে গিয়ে সৌরভ বলেছেন, ‘আমি ওকে সহায়তা করেছি গত বছর। হতে পারি আমি বোর্ড সভাপতি, তবে এটাও ভুলে যাবেন না, ভারতের হয়ে আমি ৫০০ ম্যাচ খেলেছি (আসলে ৪২১টি)। তরুণ কোনো ক্রিকেটার বা যে কাউকে আমি সাহায্য করতেই পারি। সেটা শ্রেয়াস আইয়ার হোক বা বিরাট কোহলি, সাহায্য কেউ চাইলে আমি করতেই পারি।’
