রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

নগরীর ভেড়িপাড়ায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছে আদর রহমান (২৪) নামে এক পান-সিগারেট বিক্রেতা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী স্থানীয় ডিআইজি অফিসের সামনে এ ঘটনা ঘটে। সে ভেড়িপাড়া পুলিশ লাইনস এলাকার আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্পন ও বাপ্পারাজ নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মামলা হয়েছে। এ পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলেছে।