সাভারে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা আহত অবস্থায় ধরা পড়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ভাগলপুর মহল্লায় বেঙ্গল ফাইন সিরামিকস কারখানার ভেতর থেকে এই পেঁচাটি উদ্ধার করেন কারখানাটির একজন কর্মকর্তা। পরে পেঁচাটিকে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। মাঝারি আকৃতির এই পেঁচাটির শরীরের তুলনায় মুখমন্ডল অনেকাংশেই বড়। লম্বা পাখাবিশিষ্ট, ফ্যাকাশে রঙের এ পেঁচাটির মুখের গড়ন অনেকটা হূদয় আকৃতির। এর শক্তিশালী পায়ের থাবায় সুতীক্ষ্ন নখর রয়েছে।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোঃ আব্দুল মালেক বলেন, লক্ষ্মীপেঁচাটি প্রাপ্তবয়স্ক। সাধারণত দালানকোঠার আশেপাশে এরা বসবাস করে, যেকোনোভাবে পাখিটি পায়ে আঘাত পাওয়ার কারণে ভারসাম্য রক্ষা করতে না পেরে উপর থেকে পড়ে যায়। পেঁচাটিকে সুস্থ করে তোলাই হবে প্রথম কাজ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটিকে কোথাও অবমুক্ত করে দেওয়া হবে।
