কুমিল্লার বরুড়ায় প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিয়ে ধর্ষককে বাঁচাতে সালিশের নামে অর্থের প্রলোভনে তরুণীর বৃদ্ধ বাবার কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাত ১১টার দিকে বরুড়া থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার সাংবাদিকদের জানান, সোমবার রাতে ঐ তরুণী ও তার বাবাকে থানায় আনার পর তরুণীর বাবার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ইমাম হোসেন নামের একজনকে আসামি করে ধর্ষণের শিকার তরুণীর বাবা সোমবার রাতে থানায় মামলা করেছেন। এ ঘটনায় কয়েক ব্যক্তি সালিশের মাধ্যমে টাকা দিবে বলে খালি স্ট্যাম্পে তরুণীর বাবার কাছ থেকে স্বাক্ষর আদায় করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের (সালিশদার) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
