আগের দিন সামান্য উত্থান হলেও গতকাল মঙ্গলবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল সূচকের সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। গতকাল ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স আবার ৫ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।
জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধানসূচক ডিএসইএক্স কমেছে ২১ দশমিক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮২ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট এবং সিডিএসইসি ৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১২৫ দশমিক ৫৩, ১ হাজার ৭০৫ দশমিক ১৩ এবং ১ হাজার দশমিক ৮৮ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৫৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬ কোটি ৪৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দর বেড়েছে। দর কমেছে ১৬৭টির বা ৪৬ দশমিক ৯১ শতাংশের এবং ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬১ দশমিক ৭০ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১১২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
