আড়াইহাজারে মাটি চাপা পড়ে স্কুলছাত্র আহত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০০:১১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি চাপা পড়ে পারভেজ (১০) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটে। আহত পারভেজ ওই এলাকার  আব্দুল করিমের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ব্রাহ্মন্দী পূর্বপাড়া এলাকার কামাল হোসেন জমির শ্রেণি পরিবর্তন করে এক জমি থেকে ড্রেজার ও ভেকুর মাধ্যমে আরেক জমিতে মাটি ও বালু ফেলে উঁচু স্তূপ দিয়েছেন। শুক্রবার বিকালে পারভেজ মাটির স্তূপের ওপরে উঠে নিচে নামার সময় মাটি চাপা পড়ে। খবর পেয়ে আড়াইহাজার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।