করোনার ভ্যাকসিন সংগ্রহে ২৫ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিচ্ছে এডিবি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬

জরুরিভাবে করোনার ভ্যাকসিন ও আনুষঙ্গিক চিকিত্সা সরবরাহ সংগ্রহের জন্য বাংলাদেশকে ৩০ লাখ ডলার (২৫ কোটি ৫০ লাখ টাকা) অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার এক চুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন। এডিবির এক প্রেস বার্তায় জানানো হয়েছে, এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে এই অর্থ বাংলাদেশকে দেওয়া হচ্ছে। জাপান সরকারের অর্থায়নে পরিচালিত এই ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এডিবি।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেন, এই সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত। বর্তমানে কোভিড-১৯ এর কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন পর্যায়ে রয়েছে। বাংলাদেশ যাতে দ্রুত এই ভ্যাকসিন পেতে পারে সে লক্ষ্যে এই সহায়াত কাজ করবে। বাংলাদেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে। অর্থনীতির গতি ত্বরান্বিত করতে দেশের জনগণকে জরুরিভাবে অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন সংগ্রহে সহায়তা করবে এডিবি।