বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি শেখ হাসিনা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আয়োজনে সোমবার সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সংগ্রামী মানুষ। বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তিনি আজ এ পর্যায়ে এসেছেন। শৈশব থেকে কৈশর, কৈশর থেকে পারিবারিক জীবনের প্রতিটি পদে পদে সংগ্রাম করে দুঃখ বেদনাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘ এ পথ পাড়ি দিয়েছেন। তিনি আমাদের বাঙালি জাতির বাতিঘর ও কান্ডারি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রোল মডেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা হলের প্রভোস্ট চিন্ময়ী পোদ্দার। বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, শেখ হাসিনা হলের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিষ্টি ও কাজি মোহসিনা তামান্না। আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন।