বামনীয়া নদীর ভাঙন অব্যাহত

বিলীন হচ্ছে ফসলি জমি স্কুল ও বসতঘর

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৪৭

কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে বামনীয়া নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, স্কুল, মসজিদ ও বসতঘর। ভাঙন থেকে রক্ষা পেতে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে দেখা গেছে, ইতিমধ্যে শতশত একর ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহায়-সম্বলহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। চরএলাহী ও চরলেংটা ঘাট পাকা সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ চলে গেছে নদীগর্ভে। এছাড়া নতুন করে ভাঙতে শুরু করেছে ইউয়িনের আরো দুটি ওয়ার্ড। এদিকে ঝুঁকিতে থাকা চরলেংটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রশাসনের নির্দেশে ও তদারকিতে এবং স্থানীয় বাসিন্দারা তাদের নিজ উদ্যোগে জামে মসজিদসহ অনেক পরিবার তাদের বসতঘর সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চরলেংটা ঘাটে ভাঙনের শিকার ব্যবসায়ী মো. শাহজাহান ও অজি উল্যাহ বলেন, এই এলাকার অনেকেই নিঃস্ব হয়ে গেছে। আমরাও নিঃস্ব হওয়ার পথে। তাদের দাবি, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিয়ে এলাকাবাসীকে রক্ষা করা হোক। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এলাকাবাসীকে ভাঙন থেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নোয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম বলেন, বামনীয়া নদীর ভাঙন রোধে আরডিপিপি প্রকল্পের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।