ভিটামিন-এ ক্যাপসুল পাবে ২ কোটি ২০ লাখ শিশু

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:১৩

আগামী ৪ অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ২ কোটি ২০ লাখ শিশু ভিটামিন-এ ক্যাপসুল পাবে। এই সময়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২০’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ছয় থেকে ১১ মাস বয়সি ২৭ লাখ শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ১ কোটি ৯৩ লাখ শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২ কোটি ২০ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল।

সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মুখে ভিটামিন এ প্লাস দিয়ে ক্যাম্পেইন উদ্যাপন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন-এ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা সবটুকু তরল ওষুধ খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। কোনো শিশু অসুস্থ থাকলে তাকেও এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।