আপাতত খেলায় ফেরার সুযোগ নেই বলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান।
শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আশায় গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনি। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। তাই সহসা খেলায় ফেরা হচ্ছে না সাকিবের।
অগত্যা ঢাকায় এক মাস কাটিয়ে আবারও যুক্তরাষ্ট্রের পথে বাঁহাতি এই অলরাউন্ডার। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশ ছেড়ে যাওয়ার কথা সাকিবের।
বিসিবি ও ক্রিকেটারদের বিমানবন্দরসংশ্লিষ্ট সব কাজের নিয়মিত মুখ মোহামেডান ক্লাবের কর্মকর্তা ওয়াসিম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেছেন, ‘সে আজ (বৃহস্পতিবার) রাতে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছে। রাত ৩.৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট।’
সাকিব ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের স্থগিতাদেশসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। চলতি মাসের ২৯ তারিখ থেকে মুক্ত হবেন বাঁহাতি এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টেই মাঠে নামার সম্ভাবনা ছিল তার। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতেই ঢাকায় এসেছিলেন তিনি।
এ জন্য গত ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে কঠোর গোপনীয়তা অবলম্বন করে অনুশীলন করেছেন তিনি। অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে নিবিড় অনুশীলনে ছিলেন সাকিব।
