চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সাড়ে ৯ কেজি ওজনের এই সোনার দাম চলতি বাজার মূল্যে ৫ কোটি ৭০ লাখ টাকা।
করোনাকালীন অচলাবস্থা উত্তর সময়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর অননুমোদিতভাবে আনা সোনা উদ্ধারের এটিই সবচেয়ে বড় ঘটনা। আগে থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ মুসা খানের নেতৃত্বে সন্দেহভাজন যাত্রী নিরীক্ষণকালে এই সোনা ধরা পড়ে। কাস্টমসের সহকারী কমিশনার মোহম্মদ মুসা খান ইত্তেফাককে বলেন, গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে মোহাম্মদ এনামুল হক নামের এক যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম আসেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। যাত্রীটি বোর্ডিং ব্রিজের কাছে গিয়ে সন্দেহজনক আচরণ করতে শুরু করলে তাকে চ্যালেঞ্জ করে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত সোনা এবং আটক যাত্রীর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
