বিশ্বনাথে গৃহকর্মীকে ধর্ষণ করেছে ইমাম গ্রেফতার ২

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২৩:০৪

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে এক গৃহকর্মীকে ধর্ষণ করেছে রুহুল আমিন শাহা (৩৫) নামে এক ইমাম। রুহুল আমিন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার চন্দ্রপুর গ্রামের আফজাল উদ্দিনের পুত্র। এ ঘটনার পর ইমামকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে পুলিশ মসজিদের মোয়াজ্জিন মাহফুজ বিন আরিফ (১৯) ও ইসলামপুর গ্রামের মখদ্দছ আলী (৬৩) নামে এক মাতব্বরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ধর্ষণের খবর প্রকাশ হওয়ার পর ইমাম পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ধর্ষিতার বড় বোন বাদী হয়ে ইমাম রুহুল আমিন শাহাকে প্রধান আসামি করে আরো ছয় জনের নামোল্লেখ এবং তিন-চার জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, ইমাম রুহুল আমিন দীর্ঘ ১৫ বছর যাবত্ ইসলামপুর গ্রামের আব্দুস শহীদের          বাড়িতে লজিং থেকে জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসায় লেখাপড়া শেষে ইসলামপুর জামে মসজিদে ইমামতি করতেন। ঐ বাড়িতে গৃহকর্মীর কাজ করত ঐ কিশোরী। গত মঙ্গলবার রাতে আব্দুস শহীদের বাড়ির একটি ঘরে (যে ঘরে ইমাম থাকেন) কিশোরী ও ইমামকে পাওয়া যায়। কিশোরী জানায়, ইমাম তাকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ইমামকে পালিয়ে যেতে সহায়তা করে এলাকার কিছু লোক। পুলিশ ধর্ষণে সহায়তাকারী দুই জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে এলাকার সচেতন মহলের দাবি, এ ঘটনায় নিরীহ কোনো লোক যাতে হয়রানির শিকার না হয় সেজন্য তারা পুলিশের কাছে সহযোগিতা চেয়েছে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামিম মুসা জানান, ধর্ষণকারীকে সহায়তা করায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।