মিরপুরে বান্ধবীর বাসার তরুণী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দিকে ধর্ষণে সহায়তার অভিযোগে গ্রেফতারকৃত সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশ জানায়, বুধবার রাতে এক তরুণী সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা করেন। ঐ তরুণী ঝুমুরের বাসার গৃহকর্মী। ঝুমুর ও সবুজ দুই জন ফেসবুক বন্ধু।
পরে রাতেই রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে সবুজকে ও বিবি ফাতেমা ঝুমুরকে গ্রেফতার করা হয়। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর ৬০ ফুট এলাকায় নিজ বাসায় নিয়ে ঐ তরুণীকে ধর্ষণ করেন সবুজ।
গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে এজন্য গ্রেফতার করা হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি। এ ধরনের অপরাধের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে সংগঠনে থাকতে পারবে না। ’
