আর্মেনিয়া অভিযোগ করেছে, চার হাজারের মত সিরীয়কে আজারবাইজানে লড়াই করতে পাঠানো হয়েছে। তবে তুরস্ক এই দাবি প্রত্যাখান করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট, ইলহাম আলিয়েভ বলেছেন যে আর্মেনিয়ার সঙ্গে তাদের লড়াইয়ে তুরস্ক জড়িত নয়। দেশটি কেবল নৈতিক সমর্থন দিচ্ছে। তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, জাতিগত এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। তবে তুরস্কের মধ্যে দিয়ে ও তাদের সহযোগিতায় সিরীয় যোদ্ধাদের যে এই প্রথমবারের মত তাদের স্বদেশভূমির বাইরে লড়াই করতে পাঠানো হয়েছে, তা কিন্তু নয়। গত মে মাসে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে যে, উত্তর সিরিয়া থেকে তুরস্কের মধ্যে দিয়ে সিরীয়দের লিবিয়া পাঠানো হয়েছে দেশটির গৃহযুদ্ধে লড়াই করার জন্য। এদিকে বিশ্ব নেতৃবৃন্দের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ পঞ্চম দিনে পৌছেছে। সামরিক ও বেসামরিক মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। -বিবিসি
