অজ্ঞান পার্টির খপ্পরে ইত্তেফাকের টেকেরহাট সংবাদদাতা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭

দৈনিক ইত্তেফাকের টেকেরহাট সংবাদদাতা, রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রাজৈর প্রেস ক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। শুক্রবার সকালে ঢাকা থেকে টেকেরহাট ফেরার পথে শিমুলিয়াঘাট (মাওয়াঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোন্দকার আবদুল মতিন শুক্রবার সকাল ৭টার সময় ঢাকা গ্রেড বিক্রমপুরের একটি যাত্রীবাহী বাসে টেকেরহাট আসছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তার সিটে বসে সখ্যতা গড়ে তোলে এবং তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল বলে জানায়। পরে বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে নগদ ৩০ হাজার টাকা মোবাইল সেটসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ অবস্থায় বাসের লোকজন সবাই নেমে গেলেও খোন্দকার আবদুল মতিন তার সিটে অচেতন অবস্থায় পড়ে থাকেন। এ সময় বাসের হেলপার ও কনট্রাক্টর তাকে বাস থেকে নামিয়ে শিমুলিয়াঘাট ইলিস কাউন্টারের পাশে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় এক ফলের দোকানদার গুরুতর অবস্থা দেখে পকেটে কার্ড পেয়ে মোবাইলে মাদারীপুর ইত্তেফাকের সংবাদদাতা সাজাহান খানসহ বিভিন্ন স্থানে জানান। এভাবে খোন্দকার আবদুল মতিনের পরিবার এ ঘটনা জানতে পারে।

পরে লৌহজং, মুকসুদপুর ও রাজৈর থানাকে বিষয়টি জানালে লৌহজং থানার পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় আবদুল মতিনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পরিবারের লোকজন গিয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুনঃ নওগাঁর পত্নীতলায় বাসচাপায় নিহত ১

শনিবার দুপুর থেকে তার অবস্থা ক্রমে উন্নতি হতে থাকে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সঠিকভাবে কথা বলতে পারছিলেন না। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ হাসপাতালে তাকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

ইত্তেফাক/নূহু