আবারও ইনজুরিতে শফিউল
স্পোর্টস রিপোর্টার
দিনের প্রথম বলেই ফিরতে পারতেন সাইফ হাসান। তাসকিন আহমেদের বলে থার্ড স্লিপে ক্যাচ ফেলেছেন সাদমান ইসলাম। তখন আঙুলে ব্যথা পেয়ে মাঠও ছেড়েছিলেন সাদমান। দুই দিনের প্রস্তুতি ম্যাচের গতকাল প্রথম দিন শেষে ওটিস গিবসন একাদশের সর্বোচ্চ স্কোরার সেই সাইফ হাসান। ৬৪ রান করেছেন তিনি।
তবে গতকাল মিরপুর স্টেডিয়ামে দিনভর বোলারদের দাপটই পরিলক্ষিত হয়েছে। বৃষ্টি বিঘ্নিত দিনের খেলা শেষে ৬৩.৪ ওভার ব্যাটিং করে ২৩০ রানে অলআউট হয়ে গেছে ওটিস গিবসন একাদশ। মিডল অর্ডারে সৌম্য সরকারও হাফ সেঞ্চুরি করেছেন। সৌম্য ৫১, মাহমুদউল্লাহ ৩৪, অধিনায়ক শান্ত ৪২ রান করেন।
রায়ান কুক একাদশের পক্ষে বোলিংয়ে নজর কেড়েছেন তাসকিন আহমেদ। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রমের ফসল এতদিন অনুশীলনে তার বোলিংয়ে দেখা যাচ্ছিল। এবার ম্যাচেও তার নজির রাখলেন ডানহাতি এই পেসার। ইমরুল, শান্ত, মাহমুদউল্লাহ তার শিকার হন। পেসারদের মধ্যে আল-আমিন, খালেদের বোলিং ছিল অনিয়ন্ত্রিত। এছাড়া তাইজুল ৭০ রানে ৩টি, মিঠুন ৫ রানে ২টি, সাইফউদ্দিন ও খালেদ ১টি করে উইকেট পেয়েছেন। লম্বা সময় পর ম্যাচ খেলতে নামার আড়ষ্টতা স্পষ্ট ছিল অনেকের মাঝে।
তামিম ইকবালকে ছাড়াই গতকাল প্রস্তুতি ম্যাচ খেললেন মুমিনুল-মুশফিকরা। মাঠে ছিলেন, ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন কিন্তু ম্যাচে ছিলেন না তামিম। ডানহাতি পেসার শফিউল ইসলামও ছিলেন ম্যাচের বাইরে। ব্যাক ইনজুরিতে ভুগছেন তিনি। কয়েক দিন ধরেই অনুশীলনে নেই তিনি। জানতে চাইলে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ওর (শফিউল) ব্যাক ইনজুরি। ফুল রিপোর্ট আসেনি। ৮ তারিখে পুরো বোঝা যাবে।’
