স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। ছয় মাস পর গতকাল ম্যাচ খেলতে নেমেছে ক্রিকেটাররা। তার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ফেরার আগে ঘরোয়া ক্রিকেট শুরুর পরামর্শ দিয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেট খেলেই আন্তর্জাতিকে যেতে চান তিনি।
অনেক জল ঘোলা করে শেষ অবধি শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় বিসিবি মাঠে খেলা ফেরাতে এ উদ্যোগ নিল। গত মাসে বাংলাদেশে আসার পর এদিনই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ডমিঙ্গো। তবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় অনলাইনে।
বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমি মনে করি ঘরোয়া ক্রিকেট চালু করাই সঠিক হবে। কোচ হিসেবে প্রথমে ঘরোয়া ক্রিকেট খেলাকেই আমি প্রাধান্য দেই এবং তারপর আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়া। তাই যদি কোনো ফরম্যাটের ঘরোয়া ক্রিকেট থাকে, তবে সেটা প্রথম শ্রেণি।’
সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে যেতে চান না ডমিঙ্গো। তার আগে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পরখ করতে চান তিনি। গতকাল বলেছেন, ‘প্রীতি ম্যাচ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়া বড় পদক্ষেপ। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা ঘরোয়া ক্রিকেট খেলছি, যেটা পরিবর্তনের সময়টাকে সহজ করে দেবে। এটা জাতীয় দলকে অনেক সাহায্য করবে। বিসিবি চেষ্টা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘরোয়া ক্রিকেট শুরু করতে, এটা দারুণ হবে সবার জন্য। আমি এইচপি ইউনিটের ছেলেদেরও দেখতে চাই, যারা জাতীয় দলে ঢুকার চেষ্টায় আছে।’
ডমিঙ্গোর কাছে ক্রিকেটারদের নিরাপত্তা সবার ওপরে। তার আশা ঘরোয়া ক্রিকেট শুরুর আগে বিসিবিই নিশ্চিত করবে সবকিছু ঠিক অবস্থানে আছে।
শ্রীলঙ্কা সফর না হওয়ায় হতাশ ডমিঙ্গো। একই সঙ্গে জানিয়েছেন, ১৪ দিন কোয়ারেন্টাইন করার নিয়ম মানা কঠিন ছিল। গতকাল টাইগারদের হেড কোচ বলেছেন, ‘স্পষ্টতই আমি অনেক হতাশ যে শ্রীলঙ্কা সফরটা হলো না। প্রস্তুতি ছাড়া রুমের মাঝে এত দিন বন্দি হয়ে থাকা খুব কঠিন হতো। এবং তারপর ১০ দিনের মধ্যেই টেস্ট ম্যাচ খেলা। আমি এই সিদ্ধান্তকে (লঙ্কা না যাওয়া) পুরোপুরি সমর্থন করি।’
করোনাকালের এই অনুশীলনে ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করছেন ডমিঙ্গোরা। হেড কোচ জানিয়েছেন, সাদমানের ব্যাটিং স্টান্স নিয়ে কাজ করেছেন। ডানহাতির বিপক্ষে বল ভেতরে ঢুকানো নিয়ে কাজ চলছে মুস্তাফিজের সঙ্গে, স্পিন খেলার সময় নাজমুল শান্তর হেড পজিশন নিচু থাকে, যেটা ওপরে রাখা নিয়ে কাজ করছেন কোচরা।
এছাড়া ফিটনেসে উন্নতি করা তাসকিনের প্রশংসা করেছেন ডমিঙ্গো। তরুণ হাসান মাহ মাহমুদকে নিয়েও উদ্দীপ্ত তিনি। রাহী, এবাদত, আল-আমিন, মুস্তাফিজ, তাসকিন, হাসান মাহমুদকে নিয়ে গড়া পেস আক্রমণ নিয়ে দারুণ আশাবাদী এই প্রোটিয়া কোচ।
