মাইলফলক নিয়ে ভাবছেন না রোহিত

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

ব্যাট হাতে নিজে আছেন দারুণ ছন্দে। আইপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পার করলেন ৫ হাজার রানের মাইলফলক। কিন্তু নিজের এসব অর্জন নয়, রোহিত শর্মার ভাবনায় কেবল দলের পারফরম্যান্স। তিনি বলেছেন, দল ভালো করছে বলেই একজন অধিনায়ক হিসেবে তিনি ভালো করতে পারছেন।

বৃহস্পতিবার রাতে আবুধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়েছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।

আগে ব্যাট করা মুম্বাই ৪ উইকেটে ১৯১ রান করে। শূন্য রানেই মুম্বাই কুইন্টন ডি ককের উইকেট হারিয়েছিল। এরপর রোহিত শর্মা হাল ধরেন। তিনি ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন। এটা চলতি আইপিএলে তার দ্বিতীয় ৭০ বা তার চেয়ে বড় ইনিংস। শেষ দিকে কিয়েরন পোলার্ড ২০ বলে অপরাজিত ৪৭ রান করেন। জবাবে নিকোলাস পুরানের ৪৪ রানের পরও ৮ উইকেটে ১৪৩ রানে আটকে যায় পাঞ্জাব।

এই ম্যাচে ৭০ রানের ইনিংস খেলার পথে আইপিএলে ৫ হাজার রান পার করে রোহিত। তার এখন রান ৫০৬৮। ৫৪৩০ রান নিয়ে সবার ওপরে আছেন বিরাট কোহলি। আর ৫৩৬৮ রান নিয়ে দুই নম্বরে আছেন সুরেশ রায়না।

এই মাইলফরক পার করার পর রোহিত বলেছেন, ‘আমি ভালো করছি, কারণ আমার দল ভালো করছে। ৫ হাজার রান করতে পারা ভালো ব্যাপার। তবে এ নিয়ে ভাবছি না আমি।’