রাহুল গান্ধীকে গলাধাক্কা দেওয়ায় এবার উত্তর প্রদেশ পুলিশের সমালোচনায় মুখ খুললেন ভারতের শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তার কথায়, কংগ্রেসের সঙ্গে বিস্তর মতপার্থক্য রয়েছে তাদের। কিন্তু রাহুল গান্ধীর মতো একজন জাতীয় স্তরের নেতার সঙ্গে হাথরসে যে আচরণ করা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। রাহুলের সঙ্গে এই আচরণে দেশের গণতন্ত্রই গণধর্ষণের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাহুল ও কংগ্রেস নেতাদের সঙ্গে রাজ্যের পুলিশ যে আচরণ করে, তা নিয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হয়েছে। তা নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমে মুখ খোলেন সঞ্জয় রাউতও।
সঞ্জয় রাউত আরো বলেন, ‘রাহুল ইন্দিরা গান্ধীর পৌত্র। রাজীব তার পিতা। যারা কি না দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। রাহুল গান্ধীর রাজনীতির সঙ্গে একমত না-ই হতে পারেন, কিন্তু উত্তর প্রদেশে যা ঘটেছে, দলিত সম্প্রদায়ের একটি মেয়েকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একজন রাজনীতিকের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। —আনন্দবাজার পত্রিকা
