জয়পুরহাট জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:১৩

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনানকে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনানকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট থানায় দায়ের করা নাশকতার মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্ত কর্মকর্তা  পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান তাকে গ্রেফতার করেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে আদনানকে গ্রেফতার করা হয়। এদিকে এক বিবৃতিতে মুক্তাদুল হক আদনানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল।